দিনাজপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে মহাসড়ক অবরোধ
আব্দুস সালাম , দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা এলাকার বালা পাড়া গ্রামের সবুজ দাস ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার জেরে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের মোহনপুর এলাকায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সবুজ দাসের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে। বিভিন্ন স্থান থেকে এসে শত শত মানুষ এতে অংশ নেয়।
অবরোধ চলাকালে বিক্ষুব্ধ জনতা মাইকে জানায়, যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত সবুজ দাসকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ এই অবরোধ চলবে।
এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে অভিযোগ দাখিলের আহ্বান জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা পুলিশের আশ্বাসে মোহনপুরেই পুলিশের হাতে লিখিত অভিযোগ জমা দেয়। ওসি মতিউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যবস্থা নেব।
এরপর বিক্ষুব্ধ জনতা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































